চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত টেম্পু উল্টে এক চালক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. সুমন (২৭)। তিনি খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে হাটহাজারীর মির্জাপুর এলাকায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি সিএনজিচালিত টেম্পু নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথে টেম্পুটির সামনে হঠাৎ একটি মোটরসাইকেল চলে আসে। মোটরসাইকেলটিকে বাঁচাতে চালক ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় টেম্পুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক সুমন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত টেম্পুটি জব্দ করা হয়েছে।