খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়লো প্রবাসীর ১৩ বসতঘর

গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে ইতালি প্রবাসী নিশাত ঢালীর ১৩ বসতঘর, একটি খাবার হোটেল ও দোকান পুড়ে গেছে। 

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিশাত ঢালীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩ বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কেনেন। ওই ঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। সামনের দুটি দোকানের একটিতে চলতো খাবার হোটেল।

বাবুল মিয়া বলেন, “সকালে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পেছনের বসতঘরগুলোতে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে প্রতিটি বসতঘর ও সেগুলোর আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল করিম বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”