ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষ-আনন্দোলনের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। 

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।