সারাদেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। তাদের মধ্যে ৮৭৩ জনই ঢাকা বিভাগের।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। এ সময়ে রোগটিতে মারা গেছেন ৪৯৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে রোগীর সংখ্যা ৬৬ হাজার ৭৬০। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৮৫০, খুলনা বিভাগে ২৩ হাজার ৮৪১ এবং বরিশাল বিভাগে ১৯ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।