কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদি ফরহাদের (৪১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারের হিমেল ভবনের নিচ তলার সেল থেকে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কয়েদি ফরহাদ (৪১) টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রবিবার যথাসময়ে কারাগারের কয়েদির গণনা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচ তলায় টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ তিনজন বন্দি ছিলেন। ওইদিন দিবাগত রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার দুই কেস পার্টনার। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা ওই অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে নিহতের স্বজনরা এসেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে আসে। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানার দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিল। তিনি প্রায় বছরখানেক ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিলেন। ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছিলেন।