শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে মোট ৬২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা এখনো বন্ধ রয়েছে এবং গাজীপুরে নতুন করে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে নতুন করে কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির ঘটনা ঘটেনি। সকাল থেকেই শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় কাজ করছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং বন্ধ কারখানার সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে। বর্তমানে সাভার-আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটির আওতায় রয়েছে ৪টি কারখানা। বন্ধ থাকা এসব কারখানা পুনরায় চালুর বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা চলছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সাভার-আশুলিয়ার পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে, তবে নতুন করে কিছু কারখানা একই ধারায় বন্ধও করা হয়েছে। তবে মজুরি বোর্ডের সোমবারের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে কিছুটা ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সভাটি স্থগিত করা ঠিক হয়নি।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন।
সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকা ঘুরে দেখা যায়, অন্তত পাঁচটি কারখানার সামনে বন্ধের কোনো আনুষ্ঠানিক সাইনবোর্ড টাঙানো না থাকলেও ভেতরে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার ‘রাবার ফ্যাশন’ কারখানাটিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার সামনের এক চা দোকানি আবুল হোসেন জানান, আগে এলাকাটি শ্রমিকদের পদচারণায় সরগরম থাকলেও এখন শ্রমিকদের দেখা মেলে না।