ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সড়কে জড়ো হয়েছিলেন একদল শ্রমিক। এছাড়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
সোমবার (১৬ ) বেলা তিনটার দিকে শ্রমিকরা সেখানে জড়ো হন। পরে পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ দেওয়ার কিছু সময় পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
এদিকে সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। এর মধ্যে ২৭টি কারখানা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় এবং ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাকি কারখানাগুলোতে সাধারণ ছুটি ছিল।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘‘আজ (সোমবার) সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল। দুপুরে খাবারের বিরতির পর একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বসে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ সেটিতে ছুটি ঘোষণা করে। এছাড়া আরও দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে ছিলেন।’’
তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন বলে জানান পুলিশ সুপার।