পাবনায় নেশার টাকার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল ইসলামের (৩৮) বিরুদ্ধে।

সংসারের অভাব অনটনের মধ্যেও তিন সন্তানকে নিয়ে জীবন চালিয়ে যাচ্ছিলেন শিল্পী আক্তার (৩৫)। মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করেছেন, বিয়ে দিয়েছেন বড় মেয়েকেও। কিন্তু সেই সংসারেই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হারিয়াবাড়ি উত্তরপাড়া (এরশাদনগর) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জহুরুল ইসলাম পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার ও এলাকাবাসী জানায়, জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। তার দ্বিতীয় স্ত্রীও রয়েছে। তিনি তাকে নিয়ে আলাদা বসবাস করলেও কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই স্ত্রীর কাছে নেশার জন্য টাকা দাবি করছিলেন।

মঙ্গলবার সকালে টাকা দিতে রাজি না হওয়ায় স্ত্রীর ওপর চড়াও হন জহুরুল। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। নিহতের ছোট মেয়ে মিথিলার জানায়, তার বাবা তার মাকে মারধরের একপর্যায়ে গলা চেপে ধরেন। পরে মেয়েটি চিৎকার করলে তাকেও মারধর করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মিথিলার কাছ থেকে খবর পেয়ে পাশের বাড়িতে থাকা তার মেজ বোন ঘটনাটি জানতে পারেন। পরে প্রতিবেশীরা সেখানে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন।

এদিকে নিহতের ছোট ভাই শিফুল মণ্ডল জানিয়েছেন, তার বোন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নেশার টাকার জন্য নিজের বোনকে এভাবে প্রাণ দিতে হবে, তা মেনে নিতে পারছেন না তিনি। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।