গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘরের ভেতর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন কঞ্চিবাড়ি গ্রামের আখি বেগম (৩৫) ও ছেলে আদিল (৫)। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে কর্মরত।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, মঙ্গলবার বিকেলে আখি বেগমের মেয়ে পাশের নানাবাড়ি থেকে নিজেদের বাড়িতে আসেন। ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে তিনি বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় আখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, “ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রাজ্জাক বাবুর দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে (২৮) আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে কেউ হত্যা করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”