রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় চার বছরের শিশুকন্যা আসফিয়া জাহানকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রী বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, শিশুটির বাবা একটি দোকানের কর্মচারী এবং মা মেহেরুন্নেসা গৃহিণী। পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, বিকেলে মেহেরুন্নেসা একাই শিশুটিকে গলা টিপে হত্যা করেন। এরপর তিনি নিজেই ফোন করে স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন। পরে শিশুটির বাবা কর্মস্থল থেকে ফোন করে বাড়িওয়ালাকে খবর দেন। বাড়িওয়ালা বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান এবং থানায় খবর দেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মা মেহেরুন্নেসাকে আটক করা হয়। তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে মা শিশুটিকে হত্যা করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং হত্যা মামলার প্রক্রিয়া চলছে।