ফেনীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আনোয়ার হোসেন পারভেজ (৩০) নামের এক যুবক ও ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফেনী শহরের কলেজ রোডের গার্ডেন সিটির একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় লোকজন ওই বাসাটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে শতাধিক উত্তেজিত মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরেন এবং গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পারভেজ “লিহন প্রাইম” ছদ্মনামে একটি ফেসবুক পেজ থেকে কয়েক দিন ধরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার পারভেজ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব বারাহীগোবিন্দ গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।