ছেলে ছয় বিষয়ে ফেল, ক্ষোভে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় বাবার

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে ওই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা ইউনুস আলী। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। কোনো কথা বলার আগেই প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ চেয়ারে বসে আছেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করে ইউনুস আলী তাকে চড় মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এগিয়ে এসে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের আরেক ব্যক্তিও কক্ষে প্রবেশ করেন। তাদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিকেলে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হবে।”