যশোরে ৭ দিনে ৪ শাখায় অগ্নিসংযোগ, আতংকে গ্রামীণ ব্যাংক কর্মীরা

যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। একের পর এক দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ব্যাংকগুলোর ক্ষয়ক্ষতি না হলেও এসব ঘটনায় আতংকিত হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে এসব ঘটনায় একটিও মামলা করেনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করণে সব শাখায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া শাখায় অগ্নিসংযোগ করা হয়। গ্রামীণ ব্যাংকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

ব্যাংকটিতে থাকা কর্মচারীরা তাৎক্ষণিক টের পেলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। এদিকে দুবৃর্ত্তদের অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করে শেয়ার করছেন।

ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসি টিভি ফুটেজে দেখা যায় দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে  ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে  দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের কর্মী এবং পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসি টিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।”

যশোর জোনাল অফিসের তথ্যমতে, শার্শার বাগআঁচড়া ও  চন্দনপুর শাখা, কেশবপুরে সাগরদাঁড়ি ও বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। চারটি শাখাতে কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। তবে যশোরে গ্রামীণ ব্যাংকে একের পর এক শাখাতে অগ্নিকাণ্ড বা ককটেল বিস্ফোরণের ঘটনায় আতংকিত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা।

সদর উপজেলা একটি শাখার ম্যানেজার জানান, যশোর ছাড়াও সারাদেশে গ্রামীণ ব্যাংককে যেভাবে টার্গেট করে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফারণ ঘটানো হচ্ছে, এতে তো আমরা আতংকিত। অনেকেই রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না। কেউ কেউ তো আবার চাকরি ছাড়ার পরিকল্পনাও করছেন।

গ্রামীণ ব্যাংকের যশোর জোনাল অফিসের হিসাবরক্ষক ইসরাফিল হোসেন বলেন, “যশোরে ৮০টি শাখার মধ্যে চারটি শাখায় দুবৃর্ত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তেমন ধরনের ক্ষতি হয়নি। তবে কর্মকর্তা কর্মচারীরা আতংকিত হচ্ছে এটা সত্যি। নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি সকল শাখায় সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব শাখায় সিসি ক্যামেরা চলে গেছে। দ্রুতই বসানো শেষ হবে। কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে।”