এমপিদের নিজ নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তাদের এলাকায় অবস্থান নিতে বলেছেন তিনি। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

এর আগে, বুধবার বিকেলে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। 

জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করেন। হুইপ আশরাফ উদ্দিন নিজান সভা পরিচালনা করেন। 

সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। 

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালিয়েছে। অনেকে আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি। 

সভায় আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘‘১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।’’ 

সভায় একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না। 

সভায় প্রধানমন্ত্রীর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন। 

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি। এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই।’’ তবে তিনি শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুব শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

সভায় আরও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।