বগুড়ায় শত বছরের ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা

নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলীতে বসেছে হরেক রকম মাছের মেলা। দূর-দুরান্তের মানুষ এসেছেন মাছ কিনতে। ছোট বড় সব সাইজের মাছ পাওয়া যায় এই মেলায়। ঘরে ঘরে বড় বড় মাছ ও নতুন সবজি কিনে মেয়ে জামাইসহ স্বজনদের আপ্যায়নের আয়োজন চলছে।

মেলায় এক হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে। ২৫ কেজি ওজনের ব্লাড কার্প, ২০ কেজি ওজনের কাতল, ১২ কেজি রুই, ৫ কেজি কাকলে, বিগহেড, সিলভার কার্প, চিতল, বোয়ালসহ হরেক রকমের মাছ বিক্রি হয়েছে এই মেলায়।

বিশালাকৃতির রুই-কাতলা মাছগুলো ৫০০ থেকে ১,২০০ টাকা, চিতল ৮০০ টাকা কেজিতে বিক্রি হলেও  মাঝারি আকারের মাছ ২৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ৪০০ টাকা থেকে ৮০০ টাকা দরে ব্ল্যাককাপ, বিগহেড ও সিলভার কার্প মাছ বেচাকেনা হয়। শত বছরের প্রাচীন উথলী মাছের মেলাকে কেন্দ্র করে আশেপাশের ২২ গ্রামে স্বজনদের মিলনমেলায় পরিণত হয়।

পঞ্জিকানুসারে  অগ্রহায়ণের প্রথম সপ্তাহে মেলা অনুষ্ঠিত হয়। এদিন নবান্ন উৎসব পালন করা হলেও এই উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর মাছের মেলা বসে উথলীতে। নবান্ন উৎসব হলেও উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবিপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলাসহ ২২ গ্রামের মানুষের ঘরে ঘরে ছিলো উৎসবের আয়োজন। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের চালে নবান্ন করেন।

নবান্ন উপলক্ষে সেখানে মাছের মেলা বসলেও জমি থেকে নতুন তোলা অন্যান্য শাক-সবজির পসরাও সাজানো হয় মেলা চত্বরে। এই মেলায় নতুন আলু বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। এ ছাড়াও মিষ্টি আলু প্রতি কেজি ১৫০ টাকা থেকে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা শিবগঞ্জ উপজেলার আবু বক্কর জানান, মেলায় ছোট-বড় মিলে শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত ৫ থেকে ১০ মণ করে মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য সেখানে রাত থেকে ২০টি আড়ত খোলা হয়। সেসব আড়ত থেকে স্থানীয় বিক্রেতারা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

মেলায় ১,০০০ মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে

বগুড়া ফতেহ আলী বাজারের মাছ ব্যবসায়ী কৃষ্ণ জানান, তিনি প্রতি বছর এ মেলায় মাছের দোকান দেন। মেলায় কেনা বেচা অনেক ভালো। গত বছরের চেয়ে এ বছর বেশি বিক্রি হয়েছে।

উথলীর নবান্ন মেলায় বিক্রির জন্য আশপাশের এলাকার পুকুরগুলোতে সৌখিন চাষীরা মাছ মজুদ করে রাখেন। এলাকার কে কতো বড় মাছ মেলায় তুলতে পারে যেন তারই প্রতিযোগিতা চলে চাষীদের মধ্যে। এছাড়া আড়তদাররা তো আছেনই। এলাকার লোকজনও প্রায় প্রতিযোগিতা করে তুলনামূলক বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যায়। মূলত সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব করলেও আশপাশের গ্রামের সকল সম্প্রদায়ের মানুষই কেনাকাটা করে।

শিবগঞ্জের উথলী গ্রামের জালাল উদ্দীন জানান, কেউ বলে ৪০০ বছর কেউ বলে ২০০ বছরের এই ঐতিহ্যবাহী মেলাটি যেমন মাছের জন্য বিখ্যাত। তেমনি মেলার দিন নতুন শাক-সবজিতেও ভরপুর থাকে। এ কারণে আশপাশের লোকজন মেলায় ছুটে আসে। শুধু মাছ আর সবজিই নয়, মেলার আবহের জন্য সেখানে শিশু-কিশোরদের খেলনার দোকান বসেছে। সেইসঙ্গে মিষ্টান্ন ও দইয়ের একটি বড় বাজারও বসেছে মেলা চত্বরে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, “ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা শিবগঞ্জ পৌরসভার উথলীতে অনুষ্ঠিত হয়। এখানে মেলা উপলক্ষে ২২টি গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়দের মিলন মেলা হয়। শান্তিতে ও নির্বিঘ্নে মেলা উদযাপনের জন্য পুলিশ সার্বিক  নিরাপত্তা  ব্যবস্থা রেখেছে।”