রাজধানীর মোহাম্মদপুরে একটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। প্রায় একই সময়ে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ের সামনে পিকআপটিতে আগুন লাগে। এর আগে রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানা এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরিত হয়।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির পিকআপের (ঢাকা মেট্রো-ন-১১-৭৫৮৩) চালকের কেবিনে আগুন ধরে যায়। এতে গাড়ির সিট পুড়ে গেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কেউ হতাহত হননি।
পিকআপের মালিক শফিকুল ইসলাম পুলিশকে জানান, আগুন লাগার সময় ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ে অনেক লোকজন ছিলেন। সেখানে সাতজন নিরাপত্তাকর্মীও দায়িত্বে ছিলেন। তার দাবি, বাইরের কেউ স্ট্যান্ডে ঢুকে আগুন দেননি। তিনি ধারণা করছেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, “আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
অন্যদিকে, রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডিসি আরও বলেন, “ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”