গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি

গাজীপুরে আজও প্রায় ২০টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে পর্যায়ক্রমে ওইসব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

তবে শিল্প পুলিশ বলছে, সর্বমোট শ্রীপুরে ২টি ও ভোগড়া বাইপাস এলাকার ৩ টিসহ মোট ৫টি পোশাক কারখানা ছুটি দিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কারখানায় প্রবেশ করে কাজ না করে গাজীপুরের বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস কারখানার শ্রমিকরা হাজিরা নিশ্চিত করে। পরে সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কারখানা থেকে বের হয়ে যায়।

এসময় তারা মহাসড়কের পশ্চিম পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টসের গেইটে গিয়ে জড়ো হলে ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসে। পরে তারা মহাসড়কে দাঁড়ানোর চেষ্টা করে এবং বিভিন্ন কারখানা বন্ধের দাবি জানায়।

এদিকে, শ্রীপুরের আনসার রোড এলাকায় কেনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মহাসড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

বাঘের বাজার এলাকার একটি পোশাক কারখানার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) নাম প্রকাশ না করার শর্তে জানান, পাশের একটি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে তাদের কারখানার গেইটে এসে অবস্থান নেয়। একপর্যায়ে শ্রমিকেরা গেইটে ধাক্কা দিতে শুরু করলে আমরাও শ্রমিকদের ছেড়ে দেই।

সড়ক অবরোধ আছে কিনা জানতে চাইলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, “গত তিন সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। রাজেন্দ্রপুরের বাংলা বাজার, হোতাপাড়া, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ীসহ বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করছে।”

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, “সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বের হয়ে যায়। পরে তারা শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেল পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

শ্রীপুর ও গাজীপুরের ভাগড়া এলাকায় ৫টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

যেসব কারখানায় ছুটি ঘোষণা 

সিলকেন সুইং কারখানা, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটিডে, এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভা (আসপাডা) এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রীন ট্যাক্স, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড, মেঘনা গার্মেন্টস কর্তৃপক্ষ, ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট, মেঘনা ডেনিম এন্ড ইউনিগ্লোরী ওয়াশিং লিমিটেডসহ প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।