যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং হেলপার হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, ঢাকা থেকে যশোরগামী একটি বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর একটি বোমা কাভার্ড ভ্যানের বাইরের অংশে আঘাত করে। অন্যটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের আসনের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে এবং তার অবস্থা কিছুটা গুরুতর। এছাড়া গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।”
তিনি জানান, “যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ এসব নাশকতাকারিদের আটক করছে। গতকাল রাতেও ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত পুলিশ অভিযান চালাচ্ছে।”