বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৫৫ জন আসামিসহ ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ৯.৩৪৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪ কেজি ২৫ গ্রাম ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি ও ৬ রাউন্ড গুলি। এ ছাড়া ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ হাজার ৪২৮ কেজি হেরোইন, ২০৭ কেজি ৬১ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭.৯৭ ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়নের অভিযানে গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৫৫ জন আসামিসহ সর্বমোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরা জেলার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এ সময় ১৭ জন আসামিকে আটক করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪ কেজি ২৫ গ্রাম ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি, ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, ৯হাজার ২৫০ গ্রাম সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১.৬০৮ কেজি গাঁজা, ০.০১২ কেজি হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার ১,৩০,৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
গত ১৮ নভেম্বর মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেঁতুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে বস্তুগুলো ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে।