নারী পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিককে (১৯) জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন—সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪) এবং বাছেদ মিয়া (৪০)। ঘটনার সঙ্গে জড়িত পলাতক তিনজন সহযোগীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় ওই নারীকে শ্রমিককে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভুক্তভোগী নারী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে নারীর কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। তারা বসে আলোচনা করার সময় ছয়জন যুবক তাদেরকে কথা আছে বলে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা তাদেরকে মারধর করে ২০ হাজার টাকা দাবি করে।

পরে ওই নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্বজনদের খবর দিলে তারা রাত ১০টার দিকে নারীকে উদ্ধার করেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে আটক করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”