রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থানে স্থাপিত শত বছরের প্রাচীন সরকারি বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দোতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি শ্রেণি কক্ষের আসবাবপত্র ও মালামাল ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাঈদা পারভীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় বিদ্যালয়ের ক্লাস চলছিল। বেলা পৌনে ১১টার দিকে ভবনের তিনতলার চিলাকোঠায় আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় পুরো বিদ্যালয়ে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনে দোতলার দুটি শ্রেণিকক্ষের বেঞ্চ ও সকল মালামাল পুড়ে গেছে। আকস্মিক আগুন লাগার ঘটনায় শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুদের রক্ষার জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
৫ম শ্রেণির শিক্ষার্থী সালমা সুলতানা ও সাকিব জানায়, তারা দোতলায় ছিল। আগুন দেখে দ্রুত নিচে নেমে আসে। এ সময় আরও অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী হুড়াহুড়ি করে নামতে গিয়ে সামান্য আহত হয়।
পায়রাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা পারভীন জানান, কিভাবে আগুন লেগেছে তা তারা বুঝতে পারছেন না। কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা সেটাও তিনি বলতে পারছেন না। বিদ্যুতের শট সার্কিট থেকে না অন্য কোনভাবে আগুন লেগেছে সেটাও নিশ্চিত নন তিনি।
সার্বিক বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বেলা পৌনে ১১ টার দিকে আগুন লেগেছে। ওই সময় স্কুলের আয়া চা বানাচ্ছিল। আগুন লাগার ঘটনা স্যাবোটাজ নয় বলে মনে করেন তিনি। তারপরেও পুরো ঘটনা আরও তদন্ত করে দেখা হচ্ছে।