ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি, ব্যাংকেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, ঘটনার সময় তিনিসহ ছয়-সাতজন কর্মী ভবনের দোতলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। তারা “ডাকাত, ডাকাত” বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে পুলিশের ভাষ্য কিছুটা ভিন্ন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, “চলতি পথে কেউ ককটেলজাতীয় কিছু ছুড়ে থাকতে পারে, তবে এতে কোনো ক্ষতি হয়নি।“ তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।