ডাকসু নেতা মুসাদ্দিকের গোপালগঞ্জের বাড়িতে হামলা-লুটপাট, ফুপুর বাড়িতে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ডাকসুর অভিযোগ, এ হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এসব দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা প্রথমে মুসাদ্দিকের বাড়ি ভেবে তার ফুপুর বাড়িতে আগুন দেয়। পরে তার পৈতৃক বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

ডাকসুর দাবি, কয়েক দিন ধরেই মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দেওয়া হচ্ছিল। হামলার আশঙ্কার কথা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আগাম তথ্য থাকার পরও এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে সংগঠনটি।

বিবৃতিতে ডাকসু এ হামলাকে আওয়ামী লীগের “গুম, হত্যা, দমন-পীড়ন ও সন্ত্রাসের রাজনীতির” আরেকটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির অভিযোগ, রাজনৈতিক কর্মসূচির নামে দলটি সারা দেশে আবার সহিংসতা চালাচ্ছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা ও দলটির বিরোধী রাজনীতিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ডাকসুর দাবি, গোপালগঞ্জের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিবৃতিতে ডাকসু হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি হামলার আগে দেওয়া হুমকি ও উসকানির তদন্ত করে নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে বলেছে। মুসাদ্দিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, প্রশাসনের নিষ্ক্রিয়তা খতিয়ে দেখা এবং গোপালগঞ্জের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কাউকে আশ্রয়-প্রশ্রয় না দিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছে ডাকসু।