১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন রাজশাহীর বেবী, মাথায় ইটের আঘাত নিয়ে চিকিৎসকের ভিন্ন ব্যাখ্যা

মাথায় ইটের আঘাত, ক্ষতস্থানে সংক্রমণ আর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ ১৩ বছর পর হারানো স্মৃতি ফিরে পেয়েছেন রাজশাহীর বেবী খাতুন। তিনি স্বজনদের চিনতে শুরু করেছেন, বলতে পেরেছেন নিজের বাড়ির ঠিকানাও। পথে পথে ঘুরে বেড়ানোর অবসান ঘটিয়ে অবশেষে ফিরেছেন পরিবারের কাছে।

রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামের বেবী খাতুনের জীবনের এই ঘটনা অনেকটা সিনেমার গল্পের মতো। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মানসিক বিপর্যয় এবং একপর্যায়ে বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে তার জীবনের ১৩টি বছর কেটেছে। তবে চিকিৎসকেরা বলছেন, মাথায় ইটের আঘাতের কারণে তার স্মৃতি ফিরে আসেনি। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক সুস্থতার পাশাপাশি স্মৃতি ফিরে পাওয়ার ঘটনাটি “কাকতালীয়”।

বেবীর বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, দর্জির কাজও জানতেন। একসময় স্বাভাবিক জীবনযাপন করলেও দাম্পত্য জীবনের টানাপোড়েনের পর তার জীবনের গতিপথ বদলে যায়। বেবীর বড় বোন জিনাহার বেগম জানান, প্রায় ১৫ বছর আগে পবার পারিলা গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে বেবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় সাইফুল তাকে তালাক দেন। এ ঘটনায় আদালতে মামলা করেন বেবী। মামলায় সাইফুল কারাগারে গেলে স্বামীর প্রতি টান থেকে তাকে দেখতে যান বেবী।

জিনাহার বেগমের ভাষ্য, কারাগারে সাইফুল বেবীকে বলেন, মামলা তুলে নিলে আবার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। স্বামীর কথায় বিশ্বাস করে মামলা তুলে নেন বেবী। কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাইফুল আর তাকে সংসারে ফিরিয়ে নেননি। একদিন বেবী নিজেই সাইফুলের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে সাইফুল পুলিশ ডেকে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকেই বেবীর আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে।

একপর্যায়ে বেবী কাউকে চিনতে পারতেন না। পরে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। দীর্ঘদিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেও সফল হননি স্বজনেরা। কাছে গেলেই অস্বাভাবিক আচরণ করতেন বেবী। পরিবারের সদস্যদের চিনতে না পারায় তাদের সঙ্গে ফিরতেও চাইতেন না।

এরপর রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পূর্ব পাশের সড়কটি হয়ে ওঠে বেবীর স্থায়ী আশ্রয়। প্রায় দুই বছর ধরে সেখানেই কাটছিল তার দিন-রাত। নোংরা কাপড় ও কম্বল একটি পুটলিতে বেঁধে সব সময় সঙ্গে রাখতেন। বৃষ্টি কিংবা প্রখর রোদেও সড়কের পাশেই পড়ে থাকতেন। পথচারীদের দেখলেই তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন, কখনো কখনো তাদের দিকে ইট ছুড়ে মারতেন। তার এমন আচরণে ওই পথে চলাচলকারীরা বিব্রত হতেন।

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওই জায়গায় আর দেখা যাচ্ছিল না বেবীকে। এ সময় এক রিকশাচালক তার মাথায় ইট ছুড়ে মারেন। মাথার ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অজ্ঞাত রোগীদের ওয়ার্ডে তার চিকিৎসা শুরু হয়। ওই ওয়ার্ডের ইনচার্জ স্বেচ্ছাসেবিকা আলেয়া খাতুন তাকে সেবা দেন।

চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বেবী। এ সময় ফিরে আসে তার স্মৃতিও। তিনি স্বজনদের চিনতে পারেন, স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেন এবং নিজের বাড়ির ঠিকানা জানাতে পারেন। সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে থাকেন তিনি। কিন্তু অভিভাবক ছাড়া তাকে হাসপাতাল থেকে ছাড়ার সুযোগ ছিল না। পরে বেবী নিজেই বাড়িতে গিয়ে দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। ১১ নভেম্বর সাবিনা বেগম হাসপাতালের রেজিস্টারে স্বাক্ষর করে বোনকে বুঝে নেন। এরপর তারা বেবীকে নিয়ে বাড়ি ফেরেন।

বেবী খাতুন সাংবাদিকদের জানান, হাসপাতাল থেকে বের হয়ে প্রথমে তিনি বোয়ালিয়া থানায় যান। সেখানে তাকে খাবার দিতেন এমন এক পুলিশ সদস্য বাড়ি ফেরার জন্য ২০০ টাকা দেন। কাছেই ডিশ লাইনের কাজ করছিলেন দুই যুবক। তাদের কাছে বাড়ির কথা জানালে তারা একটি ভ্যানের ব্যবস্থা করে দেন। সেই ভ্যানে করেই বাড়ি পৌঁছান বেবী। সাবিনা বেগম বলেন, “ওই দুই যুবক আগে থেকেই বেবীকে থানার পাশে বসে থাকতে দেখতেন, তবে কখনো তার সঙ্গে কথা হয়নি। সেদিন হাতের ইশারায় ডাকতে দেখে তারা কাছে যান। বেবী বাড়ির ঠিকানা জানালে তারা তাকে বাড়িতে পৌঁছে দেন।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেবী খাতুনের চিকিৎসা করেছেন মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন। মাথায় ইটের আঘাতের পর স্মৃতি ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, “সিনেমায় আঘাতের কারণে স্মৃতি হারানো এবং আবার আঘাত পেয়ে তা ফিরে পাওয়ার ঘটনা দেখানো হয়। কিন্তু বাস্তবে এমনটি ঘটে না। বেবী খাতুনের ক্ষেত্রে চিকিৎসায় সুস্থ হওয়ার পাশাপাশি স্মৃতি ফিরে আসার ঘটনাটি কাকতালীয়। মাথায় আঘাত পাওয়ার সঙ্গে স্মৃতি ফিরে আসার কোনো সম্পর্ক নেই। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের ‘কো-ইনসিডেন্ট’ বা সমাপতন।”