রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম বলেন, “ঘটনার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির ছয়টি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।”
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময়ে ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।