১০ দিনের ব্যবধানে মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চলতি মাসেই উপজেলায় এটি দ্বিতীয় এমন ঘটনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামে বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে টাঙানো ব্যানারের একাংশ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গভীর রাতে কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, “গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। আমি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।“

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, "শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভয়াবহ হবে।" তার অভিযোগ, ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এলাকায় থেকে যাওয়া কিছু নেতাকর্মী আবার সক্রিয় হয়ে উঠছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।