বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় যুবকদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ ও ঋণের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে গ্রামীণ পরিবারগুলোর নিজস্ব জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রির মাধ্যমে কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার মাধ্যমে যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করা হবে।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস একটি কার্যকর বিকল্প হতে পারে। তাই প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে। এতে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে, যাতে তরুণ উদ্যোক্তারা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে এগিয়ে আসতে পারেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি সারা দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে।
তিনি আরও বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হবে। একই সঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন তিনি।
সভায় অধিক সংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।