গাজীপুরের শ্রীপুরে গ্রাম্য মাতবর আলী হোসেনের (৫৫) বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে তৈরি পুতুল পাওয়া গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী পুতুল দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন। কেউ বলেন, আতঙ্ক তৈরির জন্য দুষ্কৃতিকারীরা এ কাণ্ড করেছে। কেউ বলছেন, কালোজাদু করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আলী হোসেন জানান, সকাল থেকে এখনও লোকজন আসছে দেখার জন্য। উৎসুক নারীদের একজন বললো, কেউ শত্রুতা করে এটা করেছে। মেরে ফেলছে, এমন ইঙ্গিত করা হয়েছে। আবার কেউ বলছে কুফরি, জাদুটোনা বা বান মারা হয়েছে।
বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে তৈরি পুতুলের বর্ণনা দিয়ে আলী হোসেন জানান, সকালে ফজরের নামাজ পড়ে গেইট খুলতেই দেখি আটা দিয়ে বড় আকারে বৃত্ত আঁকা। ওই বৃত্তের ভিতর ক্রস দিয়ে দুইটা দাগ দেওয়া। ওই দাগের উপর খড় দিয়ে তৈরি পুতুল রাখা হয়েছে। পুতুলটি কাফনের সাদা কাপড় পরানো। পুতুলের বুকে গাঁথা ১৫-২০টি বেল কাঁটা। বুকের উপর সিঁদুর লাল রং দেওয়া। চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে আছে। পুতুলের বাম পা এবং বাম হাত বেঁধে রাখা। পাশে গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ফেলে রাখা। পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল, পাশে আগরবাতির ছাই পড়ে আছে। আমি ও আমার স্ত্রী, দুইজন মানুষ এই বাড়িতে থাকি। বাড়িটি চারপাশ দেয়াল দিয়ে ঘেরা। আমার কারো সঙ্গে শত্রুতা নাই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। কারা বা কেন আমার বাড়ির সামনে এ কাজ করলো আমি বুঝছি না।
তিনি আরও জানান, গত রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেইট বন্ধ করেছি। পরে আর বের হয়নি। আমার ছেলে নাই, তিনটা মেয়ে। তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। আমি বিএনপি সমর্থন করি, তবে কোনো পদে নেই। মিছিল মিটিংয়ে যাই না। গ্রামের কারো সঙ্গে কোনো বিবাদ নাই।
প্রতিবেশী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, “আলী হোসেন বিদেশ থেকে এসে দীর্ঘদিন যাবত এই বাড়িতে বসবাস করছেন। আমার জানামতে তার কোনো শত্রু নাই। কারা, কেন এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল রেখে গেছে বুঝছি না “
প্রতিবেশী নারী সুফিয়া খাতুন (৬০) বলেন, “দেখে মনে হচ্ছে কেউ জাদুটোনা করার জন্য এটা করে রেখেছে।”
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পঞ্চাশোর্ধ একজন বলেন, “গ্রামাঞ্চলে মানুষ সাধারণত সহজ সরল হয়। এ গ্রামের একজনের বাড়ির সামনে এ ধরনের পুতুল রেখে গেছে এটা দেখে সবাই আতঙ্কে রয়েছে।”
শ্রীপুর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “রাতের আঁধারে গেটের সামনে কে বা কারা এমন ভয়ংকর নকশা এঁকে কাফনের কাপড় পরানো পুতুল রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে এক ধরনের আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। আসলে এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।”
প্রসঙ্গত, আলী হোসেন শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। পরে প্রায় ১০ বছর যাবত এই বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতি সমর্থন করেন।
আলী হোসেন জানান, তার বাবা শিরিশগুড়ি গ্রামে সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামবাসী কোনো সমস্যা বা আলোচনা হলে তাকেও ওইসব আয়োজনে ডাকেন এবং গ্রামের গণ্যমান্য ও মুরুব্বিরা দায়িত্ব দিলে তিনি ছোটখাটো বিচার সাালিশও করেন।