গাজীপুরের শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তায় পোশাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি কর্মীদের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে, যাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে শ্রমিকদের বিরুদ্ধে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে চৌরাস্তা এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শ্রীপুর-বরমী সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শ্রীপুর চৌরাস্তায় জড়ো হন। তারা মিছিল নিয়ে কয়েকটি দোকানে হামলার চেষ্টা করলে খবর পেয়ে স্থানীয় বিএনপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শ্রমিকদের ধাওয়া দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি কর্মীরা কয়েকজন শ্রমিককে লাঠিসোঁটা দিয়ে মারধর করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা চালিয়ে জানালার কাচ এবং ভেতরে রাখা একটি প্রাইভেট কার ও একটি হাইস গাড়ি ভাঙচুর করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রমিকরা সেখান থেকে সরে যান।
শ্রীপুর চৌরাস্তার স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার বৈরাগীরচালা এবং দক্ষিণ ভাংনাহাটি এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক জড়ো হয়ে চৌরাস্তায় বিক্ষোভ শুরু করেন। তারা শ্রীপুর-বরমী সড়কের গাড়ারণ এলাকার আরবেলা ফ্যাশন কারখানার দিকে যাওয়ার চেষ্টা করলে সেখানে ভাঙচুর হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি কর্মীরা চৌরাস্তায় উপস্থিত হয়ে শ্রমিকদের ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিল, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড এবং রাতুল অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মিশে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীরা গাড়ারণ এলাকার আরেবেলা ফ্যাশন লিমিটেড ভাঙচুর করার জন্য শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়েছিলেন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি প্রাইভেট কার ভাঙচুর করেন এবং কয়েকটি দোকানে হামলা ও লুটপাটের চেষ্টা চালান। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার থাকলেও ভাঙচুর ও লুটপাট মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপির কর্মীরা মূলত শ্রমিকদের সঙ্গে মিশে থাকা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীদের প্রতিহত করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভ সামাল দেওয়ার দায়িত্বে রয়েছেন। শ্রীপুর পৌর চৌরাস্তায় হামলা ও ভাঙচুরের বিষয়টি তার জানা নেই।