মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে অবস্থিত কাপ্তান মার্কেটের ‘পিয়ারা ভবনে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে প্রাথমিক হিসাব ও স্থানীয় দাবির মধ্যে ভিন্নতা দেখা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পিয়ারা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুতই আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়, কিন্তু আগুনের তীব্রতায় তা ব্যর্থ হয়।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষে থাকা ভাড়াটিয়া হকার ও ব্যবসায়ীদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের উল্লেখযোগ্য অংশ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের একাংশের দাবি, ভবন ও মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ ফয়েজ আহমদ জানান, তারা সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর ফায়ার সার্ভিস দলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে কাজ করে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে কীভাবে বা কী থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।