পাবনায় দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।

গুলিবিদ্ধরা হলেন- মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) এবং রবিউল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।