মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ২ দিনের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরকে কেন্দ্র করে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।