ব্রাহ্মণবাড়িয়ার বরিশল ইউনিয়ন পরিষদে প্রায় চার কোটি টাকা বরাদ্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবন নির্মাণকাজের জন্য ৩ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার ১৮৫ টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহ্বানসহ নির্মাণকাজ বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় এ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় বরিশল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্যাকেজ নম্বর ই-জিপি/ইউপিসিবিপি/ব্রাহ/সদর/২০২৬-২৭/ডব্লিউ১০০-এর বিপরীতে প্রাক্কলিত ব্যয় অনুমোদন করা হয়েছে। এটি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এলজিইডির প্রকল্প পরিচালক (ইউপিসিবিপি-৩) কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। চিঠিতে অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান, দরপত্র দলিল বিক্রি, দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন ও চুক্তি সম্পাদনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দরপত্র প্রক্রিয়ায় সরকারি ক্রয়বিধি-২০২৫ এবং ই-জিপি গাইডলাইন অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে নির্মাণকাজ বাস্তবায়নের জন্য ৫১০ দিন বা ১৭ মাস সময় নির্ধারণ করা হয়েছে।

নির্মাণকাজের মান নিশ্চিত করতে বেশ কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- কাজ শুরুর আগে অনুমোদিত নকশা ও ডিজাইনের সঙ্গে নির্মাণসামগ্রীর মান যাচাই, কাজ চলাকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের তদারকি এবং ঢালাইয়ের সময় স্লাম্প টেস্ট করা। ভবন নির্মাণে স্টিল শাটার ফরমওয়ার্ক ও প্রপিং স্টিল ব্যবহারের নির্দেশনাও রয়েছে। এ ছাড়া নির্মাণকাজের আগে জমির সীমানা চিহ্নিত করে দখল বুঝে নেওয়া, অনুমোদিত নকশা ও প্রাক্কলনের বাইরে কোনো কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার শর্ত দেওয়া হয়েছে। দরপত্রের বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা ও এলজিইডির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনাও রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কাজ শেষে স্কিম ক্লোজার রিপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দরপত্র ও নির্মাণকাজ বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে এবং চিঠির অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের উদ্যোক্তা ও বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া বলেন, বরিশল ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ হয়েছে, যা একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ। তিনি আশা প্রকাশ করেন, এই অবকাঠামোগত উন্নয়নকে ভিত্তি করে আগামী দিনে বরিশল ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বরিশলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

উল্লেখ্য, সদর উপজেলার কয়েকটি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়, যা আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন ভবন নির্মাণের বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।