খুলনায় এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে ওই এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহানগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪নং গলিতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েকমাস বাড়ির ভাড়া তিনি পরিশোধ করেননি। ভাড়া নিয়ে মামুনের সঙ্গে টুটুলের বাগবিতণ্ডা হয়।
গত কয়েক দিন আগে ভিডিও কলে নুর আজিম নামে এক সন্ত্রাসীর ছবি বাড়ির মালিক টুটুলকে দেখানো হয়। ভাড়াটিয়া মামুন ছবি দেখিয়ে বলেন, একে চিনতে পেরেছেন। উত্তরে তিনি বলেন, না আমি তাকে চিনি না। এরপর আর কিছু ঘটেনি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তার বাড়িতে প্রবেশ করে দু’রাউন্ড ফাঁকা গুলি করে চলে যায়।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করছি। কারা এবং কি কারণে এখানে গুলির ঘটনা ঘটালো তা নিশ্চিত হতে তদন্ত চলছে।”