কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটি চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। পথচারীরা আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদেরও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও লামা এলাকার সাইফুল ইসলামের (২৪) পরিচয় পাওয়া গেছে। সাইফুল পটিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তার ও অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ফকিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওবাইদু বলেন, “মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের পর মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।” দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হলে ঈদগাঁও থানার সামনে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
ওসি সিফাতুল মাজদার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গিয়েছিল। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।“