ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, ডিবির জালে চক্রের ৭ সদস্য

ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাতে নগরীর সেনিবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটকরা হলেন মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিব (২০)।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নগরীর সেনিবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ওই সাতজনকে আটক করা হয়। অভিযানে তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন ও নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়।“

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা “মেগা পার্সনাল” নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতেন বলে স্বীকার করেছেন। এভাবে প্রতারণার মাধ্যমে তারা টাকা নিতেন বলেও তারা জানিয়েছেন। পুলিশ সুপার আরও জানান, এ প্রতারণার সঙ্গে কয়েকজন নারীও জড়িত। তাদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

আটকদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। সাইবার আইনে মামলা করারও প্রস্তুতি চলছে। এ ছাড়া আটকদের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করা হবে।