নতুন বেতন-স্কেলেও কাটেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বোর্ড নতুন বেতন-স্কেল ঘোষণার পরও গাজীপুরে সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।  

পরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা কিছুটা সমস্যা তৈরি করেছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।