নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন গুলিবিদ্ধও রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঢাকা ট্রিবিউনকে বলেন, “এ ঘটনায় এখনও অভিযান চলমান রয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছে। আর অভিযান পরিচালনার সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
এদিকে পুলিশের পাশাপাশি এসআরবি পৃথক অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেছেন। তারা হলেন, আদর ও আজাদ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, “পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে, গত রবিবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (৩২)। আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যায়।
এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এলোপাতারি কুপিয়ে ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল আনোয়ার মারা যান। আর তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থাল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে তাকে ক্লোজড করা হয়।
পরদিন ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা দায়ের করেন।