ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে পাতা বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ গেল পুকুরমালিকের স্ত্রী ও চাচাতো ভাইয়ের।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চৌদার গ্রামের দলি ব্যাপারী বাড়ির হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা (৪৫)। হারুন অর রশিদ সেকান্দর আলীর চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ চুরি ঠেকাতে নিজের পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন সেকান্দর আলী। কিন্তু সকালে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান তিনি।
এদিন পুকুরপাড়ের মাচা থেকে লাউ তুলতে গিয়েছিলেন আফরোজা। লাউ ছিঁড়তে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। তাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে যান হারুন অর রশিদ। এতে দুজনই বিদ্যুতের শকে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মাছের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।