সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে অটোরিকশা, প্রাণ গেল চালকসহ দুজনের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।

নিহতরা হলেন অটোরিকশাচালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন। তারা উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, উল্লাপাড়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

ওসি মাহবুবুর রহমান বলেন, “দুর্ঘটনার পর বাসচালক বাস নিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে বাসটি জব্দ ও চালককে আটক করা হয়। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”