ভারতে নিখোঁজের পর মরদেহ পাওয়া সেই সাবেক এমপির মেয়ে গ্রেপ্তার

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমে বিয়টি নিশ্চিত করেছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন। 

ডরিনের বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি।

আনারের বন্ধু ও স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বাংলাদেশ ও ভারতে এ ঘটনায় তদন্ত শুরু হয়। পরে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সংসদ সদস্য আনারকে।

এ ঘটনায় কলকাতায় একটি মামলা হয়। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার শেরেবাংলা নগর থানায়ও মামলা করেন ডরিন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে তাকে যোগাযোগ করতে দেখা যায়।

ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান।

সে সময় পুলিশ জানিয়েছিল, সংসদ সদস্য আনার হত্যার ‘হোতা’ তার বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ড বাস্তবায়ন করেন চরমপন্থি নেতা শিমুল।

ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছিলেন, সংসদ সদস্যকে হত্যার পর তার শরীরের বিভিন্ন অংশ টুকরা করে হলুদ লাগিয়ে ছড়িয়ে দেওয়া হয়। পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠায় পুলিশ।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে আসে। একে একে জামিনে মুক্তি পান বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আসামিরা। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়াকেও জামিন দেন হাইকোর্ট।