ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর আবারও উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’’ এ সময় শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার খবর জানিয়েছিল।
হুমায়ুন কবির বলেন, ‘‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’’
শেখ হাসিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’