রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে দুই ব্যক্তি কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছেন। এতে হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ আরও দুজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাঈমুর রহমান (২৬)। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। তারা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, “হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত।”
তিনি আরও জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তার ছেলে পালিয়ে যান বলে জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান। তিনি জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তারা এনায়েত ও ইরানকে শনাক্ত করেছেন। তাদের ধরতে অভিযান চলছে।