ঘূর্ণিঝড়ে খুলনা অঞ্চলে ১২ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে খুলনা অঞ্চলের প্রায় ১২ হাজার হেক্টর জমির আমন ধান, বোরো বীজতলা ও শীতকালীন সবজিসহ নানা ফসল আক্রান্ত হয়েছে। এর আগে বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায়ও এ অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষত কাটিয়ে উঠতেই আবারও আকভানের প্রভাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেন কৃষকেরা। এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে টানা চার দিনের বৃষ্টিতে খুলনা অঞ্চলের বিভিন্ন নিম্ন এলাকায় জলাবদ্ধতায় বিপুল পরিমাণ জমির ফসল আক্রান্ত হয়েছিল।

খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে খুলনা অঞ্চলের সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর, নড়াইলে ১ হাজার ৬০১ হেক্টর, খুলনায় ৫৩১ হেক্টর ও বাগেরহাটে ৪৩৬ হেক্টরসহ ৮ হাজার ১৩৬ হেক্টর জমির নানা ফসল আক্রান্ত হয়। এর মধ্যে রয়েছে সরিষা ৩ হাজার ৫১২ হেক্টর, রোপা আমন ধান ৩ হাজার ৮৮ হেক্টর, শীতকালীন সবজি ৯৬১ হেক্টর, খেসারির ডাল ২৮৫ হেক্টর, মসুর ডাল ১১৯ হেক্টর, বোরো বীজতলা ৪৬ হেক্টর, মরিচ ৩৫ হেক্টর, আলু ২৯ হেক্টর, পান ১৮ হেক্টর, পেঁয়াজ ১৭ হেক্টর, রসুন ১০ হেক্টর, গম ৫ হেক্টর, পেঁপে সাড়ে ৩ হেক্টর ও ধনিয়া ৩ হেক্টর।

খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, খুলনায় এবার সব মিলিয়ে ৯৩ হাজার ৬৪৯ হেক্টর জমিতে ধান ও শীতকালীন সবজিসহ নানা ফসলের আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে ৮৯ হাজার ৮৮৮ হেক্টর জমির ফসল দণ্ডায়মান রয়েছে; এর মধ্যে ৫৩১ দশমিক ৬০ হেক্টর জমির ফসল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১৮ নভেম্বর সকাল থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত খুলনায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টানা বৃষ্টিতে ধান কাটায় বিঘ্ন ঘটেছে এবং ক্ষেতে কেটে রাখা ধানেরও ক্ষতি হয়েছে। সবজি ও সরিষার ওপরও কমবেশি প্রভাব পড়েছে। জেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার ধানচাষিকে আগামী বোরো মৌসুমে প্রণোদনা দেওয়া হবে।

যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার আট উপজেলায় ১ লাখ ৬১ হাজার ১২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর রোপা আমন ধানের আবাদ হয়েছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৬ হেক্টর জমি। এ ছাড়া ১৩ হাজার ৫০০ হেক্টর সরিষার মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টর এবং ১৩ হাজার ১০ হেক্টর শাকসবজির মধ্যে ৬৯০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি খেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাগেরহাট কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় রোপা আমন ধান আক্রান্ত হয়েছে ১৮৩ হেক্টর এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ দশমিক ৫৫ হেক্টর। বোরো ধানের বীজতলা আক্রান্ত হয়েছে ২০ হেক্টর, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতি ১ দশমিক ০৪ হেক্টর। এ ছাড়া সরিষা আক্রান্ত হয়েছে ৬৪ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি ৪ দশমিক ৬৫ হেক্টর; রবি সবজি আক্রান্ত ১০৬ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি ৫ দশমিক ৭ হেক্টর; মরিচ আক্রান্ত ৮ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি ১ হেক্টর; পেঁপে আক্রান্ত ৩ দশমিক ৫ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি ০ দশমিক ০০৫ হেক্টর; কলা আক্রান্ত ৩ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি ০ দশমিক ১৫ হেক্টর; আলু আক্রান্ত ৮ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি ১ দশমিক ৮৫ হেক্টর এবং খেসারি ডাল আক্রান্ত হয়েছে ৩৫ হেক্টর, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতি ২৫ দশমিক ১৮ হেক্টর। পাশাপাশি ছয় হেক্টর জমির রসুন আক্রান্ত হয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের অতিবৃষ্টিতে পানি জমে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়। এর মধ্যে ৫০ হেক্টর জমির রোপা আমন ধান, বোরো ধানের বীজতলা ও রবি সবজিসহ বিভিন্ন ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জেলায় ৩ হাজার ৮৯৬ জন কৃষকের মোট ১০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।