গাজীপুরে ইউএনও বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে এবং মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুর্বৃত্তরা পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ করে।

রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ব্যস্ততম ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার প্রশাসনের ভিতর নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে ককটেলগুলোর বিস্ফোরণের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব বিষয়ে কিছু জানেন না বলে জানান।

শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তার বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত শ্রীপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন।

অপরদিকে, শ্রীপুর পৌরসভার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায় ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে মহাসড়কের ওপর দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইয়াকুব আলী সুপার মার্কেটের বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, “উড়াল সেতুর ওপর থেকে দু’টি ককটেল নিচে পড়ায় সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এসময় সড়কে থাকা সবাই ছুটোছুটি শুরু করে।”

খবর পয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার এবং মোশারফ হোসেন ঘটনাস্থল মাওনা চৌরাস্তায় উপস্থিত হন। তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান উড়াল সেতুর ওপর থেকে দু’টি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।