রংপুরের সবচেয়ে জনবহুল এলাকা রংপুর প্রেসক্লাবের সামনে থেকে সকালে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সকালে উদ্ধারের প্রায় ২ ঘণ্টা পর বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী পত্রিকা হকার ও পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে রশি দিয়ে পেচানো বড় আকারের বোমা সদৃশ বস্তু ফেলে রেখে দ্রুত চলে যায়। এ সময় বেশ কয়েকজন পত্রিকার হকার এবং প্রেসক্লাবের নৈশ প্রহরী ছিলেন। তারা প্রথমে বুঝতে না পারলেও রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা বস্তুটি বোমা হতে পারে ধারনা করে ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে পুলিশ এসে বোমা সদৃশ বস্তুটি পানি ভর্তি বালতিতে রাখে। এ সময় পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ ও গোয়েন্দারা।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী প্রেসক্লাবে এসে বোমা সদৃশ বস্তুতি পর্যবেক্ষণ করে জানান, প্রেসক্লাব ও আশেপাশের এলাকার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দায়ীদের চিহ্নিত করা হবে।
অপরদিকে এসআরবির একটি বোম্ব ডিসপোজাল টিম প্রেসক্লাবের সামনে আসে। তারা পুরো এলাকা কর্ডন করে রাখে।
এ ব্যাপারে এসআরবি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “বোমা সদৃশ বস্তুটি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্লাবের মতো জনবহুল এলাকায় নিস্ক্রিয় না করে পানি ভর্তি বালতিতে রাখা বস্তুতি আমরা নিয়ে যাচ্ছি। পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”