৪ ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, জাপানের সঙ্গে চুক্তি সোমবার

চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সোমবার (৩০ নভেম্বর) একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর চুক্তি সই হতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

চুক্তি অনুযায়ী, সইয়ের ১৫ দিনের মধ্যে টার্মিনালটি পরিচালনার জন্য ওই কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তরের আট মাসের মধ্যে ওই প্রতিষ্ঠানকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের অন্তত ২৫% পরিচালনা করতে হবে। আর ১৪ মাসের মধ্যে সব নির্ধারিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পর্যায়ক্রমে নতুন এই টার্মিনালে স্থানান্তর করা হবে। সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার তারিখ থেকে ১৫ বছরের পরিচালনার মেয়াদ শুরু হবে।

বেবিচকের তথ্য অনুযায়ী, পরিচালনা প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে যাত্রী ও কার্গো খাত থেকে অর্জিত মোট আয়ের ১৩.৫% মাসিক ভিত্তিতে বাংলাদেশ সরকারকে দেবে।

বেবিচক চেয়ারম্যান জানান, পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা যে তারিখে প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জিত হবে - এর মধ্যে যেটি আগে হবে, সে সময় থেকে বেবিচকের আয়ের অংশীদারত্ব বেড়ে ২৭% হবে।

তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বিদেশগামী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে বহির্গমন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে।

জাপানি কনসোর্টিয়ামটি নিজস্ব খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে।

তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এভিয়েশন সেফটি, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ এবং উদ্ধার কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে।

ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অধীনেই পরিচালিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানিকে যুক্ত করা হবে। গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি এবং সেলফ-হ্যান্ডলিং অপারেটররা টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে।

হ্যান্ডলিং করা প্রতি টন কার্গোর জন্য বিমানকেও মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।

যাত্রী ভোগান্তি কমাতে এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে সুনির্দিষ্ট সেবার মানদণ্ড এবং কি পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) নির্ধারণ করা হচ্ছে।

উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজটি কনভেয়ার বেল্টে পৌঁছাতে হবে। আর ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ লাগেজ সরবরাহ করতে হবে।

চেক-ইন লাইনে গড় অপেক্ষার সময় বিজনেস-ক্লাস যাত্রীদের জন্য ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি-ক্লাস যাত্রীদের জন্য ২০ থেকে ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সেবার মানদণ্ড পূরণে বারবার ব্যর্থ হলে ধরন ও সংখ্যার ওপর ভিত্তি করে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিবার ৫ থেকে ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত তৃতীয় টার্মিনালটির বার্ষিক ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১৫টি স্বয়ংক্রিয় কাউন্টারসহ ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি কন্টাক্ট বোর্ডিং পজিশন এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে।

নতুন কার্গো টার্মিনালগুলোর সম্মিলিত বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন, যা বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়িয়ে দেবে।