কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় জ্বলন্ত গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে পাঁচজন কর্মী দগ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রবিবার (২৯ নভেম্বর) সকালে কূপের মুখে চলমান কারিগরি কার্যক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কূপে কাজ করার সময় আগুনের তাপ ও শিখার সংস্পর্শে এসে পাঁচ কর্মী দগ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
তিনি আরও বলেন, “এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। নিয়মিত অপারেশনের অংশ হিসেবে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে ইনানীর গভীর নলকূপে জ্বলে ওঠা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাপেক্স। সেখানে সংস্থাটির বিশেষজ্ঞ দল কাজ করছে। এর আগে কূপের চারপাশে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপন, ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থা এবং বিভিন্ন কারিগরি পদ্ধতি প্রয়োগ করে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়।
বাপেক্স জানিয়েছিল, কূপের সারফেসের আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের চাপ সম্পূর্ণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনা এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরুর জন্য আরও কিছু কারিগরি কাজ বাকি রয়েছে। সেই কাজের অংশ হিসেবেই রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কূপে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা।
বাপেক্সের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ এবং কূপকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।