রাজশাহীতে উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড়ের ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।

সম্প্রতি রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে উপজেলা ভূমি অফিসে এ হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

রবিবার সকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এদিকে, দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। পরে সাড়ে ১২টার দিকে তিনি পবার পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, “রবিবার রাতে উপজেলা ভূমি অফিসে নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপর দুটি বিস্ফোরিত হয়নি।”

তিনি আরও বলেন, “উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।”