বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের মাহতাব। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহন ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে মহাসড়কে পড়ে থাকেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওসি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সিদ্ধান্ত দেওয়া হবে কিভাবে লাশ হস্তান্তর করা হবে। তবে আমরা চাচ্ছি লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করতে।